ইইউতে ৪% বেড়েছে বাংলাদেশে পোশাক রফতানি
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রফতানি ৩.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.০৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল ৬.৭৯ বিলিয়ন মার্কিন ডলার।
বুধবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাত দিয়ে বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেলের স্বাক্ষর করা এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইইউর দেশ স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে রফতানি বেড়েছে যথাক্রমে ১৮.০৭ শতাংশ, ২.৫৬ শতাংশ, ১২.৭৩ শতাংশ ও ৯.৮৮ শতাংশ।
তবে ইইউর বৃহত্তম রফতানি বাজার জার্মানিতে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রফতানির পরিমাণ ১১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৮১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-’২৩ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার।
ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রেও। এতে রফতানি কমেছে ৩.০৫ শতাংশ। অর্থবছরের প্রথম ৪ মাসে পোশাক রফতানি হয়েছে ২.৫৭ বিলিয়ন ডলার।
অন্যদিকে উল্লেখিত সময়ের মধ্যে অপ্রচলিত বাজারে রফতানি ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২.৮৬ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৭.০১ শতাংশ। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রফতানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ ও ২৯.৮৫ শতাংশ বেড়েছে। তবে ভারতে পোশাক রফতানি কমেছে ১২.৮ শতাংশ।





